আমুদরিয়া নিউজ : ১৯৪৭ সালের ২০ জুন অখণ্ড বাংলার বিধানসভায় বাংলা ভাগ হবে কি না সেই প্রশ্নে ভোটাভুটি হয়। সে দিন অবিভক্ত বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলীয় জনপ্রতিনিধিরা ভারতের অংশ হিসেবে ‘পশ্চিমবঙ্গ’ গঠনের পক্ষে ভোট দেন। বর্তমান শাসক দলের মতে, আজকের যে পশ্চিমবঙ্গ রাজ্য, সে দিন তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। বিজেপি মনে করে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্ব এবং তৎকালীন বাংলার সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলা ও বাঙালির আত্মপরিচয় ও সুরক্ষার ক্ষেত্রে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একইসঙ্গে ভারতের অখণ্ডতা, নিজস্ব ঐতিহ্য এবং বাংলা সংস্কৃতির গৌরবময় ইতিহাস উদযাপনের জন্য দিনটি পশ্চিমবঙ্গের জন্মদিবস। তাই আগামী ২০শে জুন রাজ্যব্যাপী বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ যাবতীয় সরকারি প্রতিষ্ঠানেও পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হবে।
ঘটনা হল, ২০২৩ সালের ২০ জুন রাজ্যে রাজভবনে এখন যা লোকভবন, সেখানে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। তখনকার তৃণমূল জমানার মুখ্য়মন্ত্রী মমতা ব্যানার্জী তার বিরোধিতা করেন। তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে ১লা বৈশাখ বাংলা দিবস পালন করা শুরু হয়।
২০২৬ সালের বিধানসভা ভোটে রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করা হয়। তাই দেশভাগের যে প্রেক্ষাপট, ইতিহাস তা নয়া প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া দরকার বলে মনে করছে রাজ্য সরকার। সে জন্য আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করা হবে।
সে দিন মূল অনুষ্ঠান হবে তারকেশ্বরে।
কেন তারকেশ্বরে হবে?
১৯৪৭ সালে তারকেশ্বরের সম্মেলন থেকেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম বাংলা ভাগ নিয়ে প্রস্তাব গ্রহণ করেছিলেন। সেই কারণেই তারকেশ্বরে আসবেন প্রধানমন্ত্রী। রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ওই দিন পশ্চিমবঙ্গ দিবস কেন উদযাপন হবে তা বিশদে আলোচনা করা হবে। তিনি মনে করেন, হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে কীভাবে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মের প্রেক্ষাপট, সবই তুলে ধরা হবে ওই দিন।
রাজ্যের সব জেলায় ডিএমকে চেয়ারপার্সন করে উদযাপন কমিটি তৈরি হয়েছে। সব জেলার এসপি এবং ডিআই অব স্কুলস, এলাকার বিধায়ক ও সাংসদও কমিটিতে থাকবেন। শিলিগুড়িতেও ওই অনুষ্ঠান হবে নানা জায়গায়। সে বিষয়ে পরে আরও বিশদে জানাবে আমুদরিয়া।
রাজ্য জুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস, তাৎপর্য জানুন
Leave a Comment