কালীঘাটের তৃণমূল কার্যালয়ে সিআইডি হানা, স্বাক্ষর জালিয়াতি মামলায় চাঞ্চল্য

আমুদরিয়া নিউজ : বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তে সোমবার কালীঘাটের ৩০/বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় কার্যালয়ে তল্লাশি চালায় সিআইডি। তদন্তকারী সংস্থার দাবি, বিতর্কিত রেজিলিউশন ও স্বাক্ষর সংগ্রহের প্রক্রিয়া এই কার্যালয় থেকেই পরিচালিত হয়েছিল। দুপুরে প্রায় ৩০ জন আধিকারিকের একটি দল, মহিলা অফিসারদের নিয়ে কার্যালয়ে পৌঁছয়। প্রথমে তৃণমূল নেতৃত্বের তরফে আপত্তি তোলা হলেও দীর্ঘ বাদানুবাদের পর সিআইডি তল্লাশি শুরু করে। প্রাক্তন সাংসদ শুভাশিষ চক্রবর্তী জানান, যাঁর নামে নোটিস জারি হয়েছে তিনি বর্তমানে দিল্লিতে রয়েছেন, তাই তাঁর অনুপস্থিতিতে তল্লাশি নিয়ে আপত্তি রয়েছে। অন্যদিকে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়ে সিআইডি স্পষ্ট করে দেয় যে তল্লাশি চালাতে কোনও অতিরিক্ত অনুমতির প্রয়োজন নেই। একই সময়ে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরেও পৌঁছয় সিআইডির আরেকটি দল। এদিনও তলবে সাড়া না দিয়ে আরও সময় চেয়ে তদন্তকারী সংস্থাকে চিঠি পাঠিয়েছেন তিনি।
উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের সময় তৃণমূল বিধায়কদের স্বাক্ষরে গরমিল ধরা পড়ার পর দুই বিদ্রোহী বিধায়কের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। সেই মামলার তদন্তেই একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। তদন্তের অংশ হিসেবেই কালীঘাটের দলীয় কার্যালয়ে এই তল্লাশি অভিযান বলে সূত্রের খবর।

তবে সিআইডি স্পষ্ট জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে নয়, শুধুমাত্র মামলার নথিতে উল্লিখিত দলীয় কার্যালয়েই তল্লাশি চালানো হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *