আমুদরিয়া নিউজ : উত্তরাখণ্ডের দুর্গম পাহাড়ি অঞ্চলে ট্রেকিং করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন নৈনিতালের ২৪ বছর বয়সী এমবিএ ছাত্রী ববিতা পাণ্ডে। গত ২৫ মে তিনি দুই বন্ধু হরমনপাল সিং ও হরমনপ্রীত সিংয়ের সঙ্গে দেরাদুন থেকে ভ্রমণে বের হন এবং বিভিন্ন পর্যটনস্থল ঘুরে ২৮ মে রইথল গ্রামে পৌঁছান।
সিসিটিভি ফুটেজে শেষবার তাঁদের একসঙ্গে দেখা যায়। এরপর ২৯ মে ট্রেকিং শুরু করে তাঁরা গোই বেসক্যাম্পে রাত কাটান। অভিযোগ, ৩০ মে মধ্যরাত থেকে ববিতা হঠাৎ নিখোঁজ হয়ে যান।পরিবার নিখোঁজ ডায়েরি করার পাশাপাশি তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছে। এই ঘটনায় ওই দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তল্লাশিতে NDRF, SDRF, আইটিবিপি এবং স্থানীয় পুলিশসহ প্রায় ১৫০ জনের একটি দল ড্রোন, স্নিফার ডগ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালাচ্ছে।এখনও পর্যন্ত কোনো হদিস না মেলায় ঘটনাটি ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।