আমুদরিয়া নিউজ : ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, সাম্প্রতিক নিরাপত্তা পর্যালোচনার পর তাঁর নিরাপত্তা ‘জেড ক্যাটেগরি’ থেকে কমিয়ে ‘ওয়াই ক্যাটেগরি’ করা হয়েছে। ২০২৩ সালের মে মাসে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেই সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রায় ৮ থেকে ১০ জন পুলিশকর্মী। পাশাপাশি তাঁর বাসভবনের নিরাপত্তার জন্যও বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক মূল্যায়নের ভিত্তিতে রাজ্য সরকার মনে করেছে, বর্তমান পরিস্থিতিতে সেই মাত্রার নিরাপত্তার প্রয়োজন নেই। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সৌরভ ‘ওয়াই ক্যাটেগরি’ নিরাপত্তা পাবেন। সাধারণত এই নিরাপত্তা ব্যবস্থায় ৩ থেকে ৪ জন নিরাপত্তারক্ষী দায়িত্বে থাকেন, যাঁদের মধ্যে সশস্ত্র পুলিশকর্মীও থাকেন। প্রশাসনের দাবি, ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা নয়, বরং প্রকৃত নিরাপত্তা ঝুঁকির মূল্যায়নের ভিত্তিতেই নিরাপত্তার স্তর নির্ধারণ করা হচ্ছে। সেই নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে একাধিক রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছিল।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দেশের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ ও জনপরিচিত মুখের নিরাপত্তা এক ধাপ কমানো নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক ও ক্রীড়ামহলে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই সিদ্ধান্ত নিয়ে আরও বিতর্ক তৈরি হয় কি না, সেদিকেই এখন নজর।