আমুদরিয়া নিউজ : ‘বিরাটকে নিয়ে খারাপ কথা বলার জন্য টাকার অফার এসেছিল!’ — বিস্ফোরক দাবি জার্মান মডেল লিজলাজের একটি ইনস্টাগ্রাম ‘লাইক’ থেকেই শুরু হয়েছিল জল্পনা। তারপর সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে নানা আলোচনা, বিতর্ক এবং কৌতূহল। এবার সেই ঘটনাতেই নতুন মোড় এনে বিস্ফোরক দাবি করলেন জার্মান মডেল ও ইনফ্লুয়েন্সার লিজলাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বিরাট কোহলির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলার জন্য তাঁকে নাকি টাকার অফার দেওয়া হয়েছিল। তাঁর কথায়, কয়েকজন তাঁকে এমন কিছু বলতে বলেছিলেন, যা বিরাট কোনওদিনই করেননি। যদিও কারা এই প্রস্তাব দিয়েছিলেন, সে বিষয়ে কোনও নাম প্রকাশ করেননি তিনি। বরং পুরো বিতর্কে বিরাটের পক্ষেই দাঁড়িয়েছেন লিজলাজ। স্পষ্ট জানিয়েছেন, বিরাট কোহলি তাঁর প্রিয় ক্রিকেটার এবং শুধুমাত্র প্রচার বা অর্থের জন্য তিনি কোনও মিথ্যে অভিযোগ আনতে চান না। পাশাপাশি তিনি জানান, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকও তিনি। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে লিজলাজের একটি পোস্টে বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ দেখা যাওয়ার পর থেকেই শুরু হয় জোর চর্চা। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এটি কি নিছক সোশ্যাল মিডিয়ার প্রযুক্তিগত বিভ্রাট, নাকি এর পিছনে অন্য কোনও গল্প রয়েছে।
যদিও গোটা বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বিরাট কোহলি। তবে লিজলাজের এই মন্তব্য নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে।
Leave a Comment