আমুদরিয়া নিউজ: এবার সামনে এসেছে এক বড় কূটনৈতিক ও প্রতিরক্ষা আপডেট। জানা গিয়েছে, ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন। এই সফরের মূল লক্ষ্য ভারত-ভিয়েতনাম কৌশলগত ও সামরিক সম্পর্ককে আরও শক্তিশালী করা। তবে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে চলেছে প্রায় ৫,৮০০ কোটি টাকা মূল্যের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাবিত চুক্তি।
ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের ভারত সফরে শুধু ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নয়, আরও বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্র ক্রয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, রিপোর্ট অনুযায়ী প্রস্তাবিত চুক্তিতে ব্রহ্মসের অ্যান্টি-শিপ সংস্করণ অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে, যা ভিয়েতনামের সামুদ্রিক নিরাপত্তা ও উপকূল প্রতিরক্ষা ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।