আমুদরিয়া নিউজ : পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও চন্দ্রকোনা এলাকার ভোটকেন্দ্রগুলিতে এবারের ভোটে দেখা গেল মানবিক চিত্র। বয়স্ক ভোটারদের সহায়তায় বিশেষ ভূমিকা নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও বিএলওরা।
দাসপুর বিধানসভার বেলিয়াঘাটা গ্রামের ২৩ নম্বর বুথের ৮১ বছরের ভোটার লতিকা রানী মাইতি ভোট দিতে আসেন টোটোতে। সম্প্রতি দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যাওয়ায় হাঁটাচলা কঠিন হয়ে পড়েছিল। ভোটকেন্দ্রে পৌঁছতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বিএলও তাঁকে চেয়ার ও পরে কোলে করে বুথে নিয়ে যান।
ভোট দেওয়ার পর তাঁকে আবার নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। পরিবারের সদস্যরা এই সহায়তায় খুশি। একইভাবে ঘাটাল ও চন্দ্রকোনার একাধিক বুথে বয়স্ক ভোটারদের সাহায্য করতে দেখা যায় বাহিনীর সদস্যদের। ভোটের দিনে এমন মানবিক দৃশ্য নজর কাড়ছে এলাকায়।