পুরনো মামলায় কবি শ্রীজাতের নামে গ্রেফতারি পরোয়ানা কৃষ্ণনগর আদালতের, কেন?

আমুদরিয়া নিউজ : নির্বাচন কমিশন নয়, পুরনো একটি মামলার জেরে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সংবাদ সূত্র অনুসারে, নদীয়া জেলার কৃষ্ণনগরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের (ACJM) আদালত থেকে ওই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে। সেটি ইস্যু হয়েছে এদিন মানে ২২ এপ্রিল। যেহেতু প্রথম দফার ভোটের একদিন আগে এই ঘটনা, তার উপরে কবি শ্রীজাত তৃণমূল ঘনিষ্ঠ বলে অনেকে মনে করেন, তাই বিষয়টি নিয়ে শোরগোল হচ্ছে নানা মহলে।

তবে এই গ্রেফতারি পরোয়ানা জারির সঙ্গে নির্বাচন কমিশনের কোনও যোগসূত্র নেই। ওই নির্দেশে কবি শ্রীজাতকে গ্রেফতার করে ১১ জুন ২০২৬ –এর মধ্যে আদালতে হাজির করাতে বলা হয়েছে।

কেন এমন হয়?

আইনজীবীদের কয়েকজন জানান, অনেক সময় মামলার একাধিক তারিখে হাজির না হলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে আদালত। আইনজীবীদের একাংশ জানান, আদালত থেকে পাঠানো সমন ঠিকঠাক সময়ে না পৌঁছালে সঠিক তারিখে হাজিরা দেওয়া নাও হতে পারে। সে ক্ষেত্রে এমন হতে পারে। আবার অনেক সময় প্রতিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতেও একতরফাভাবে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন পড়ে।

এখন কী হতে পারে! আইনজীবীরা বলছেন, হাইকোর্টে সব জানিয়ে জামিনের আবেদন করা যেতে পারে। আবার জেলা আদালতেও জামিনের আবেদন করা যেতে পারে। এ ক্ষেত্রে শ্রীজাত যেখানে থাকেন, সেই গলফ গ্রিন থানার পুলিশকেই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত। কবি নিজে গ্রেফতারি পরোয়ানা জারির কথা স্বীকার করেছেন।

২০১৯ সালে ওই মামলাটি হয় কৃষ্ণননগর আদালতে। সেই মামলায় টানা গরহাজিরা বা কোনও গাফিলতির জেরে এমন হতে পারে বলে আইনজীবীদের একাংশ মনে করেন।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *