কবি শ্রীজাত বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনও গ্রেফতারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেনি। নির্বাচন কমিশনের পক্ষে পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এ কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। সুব্রতবাবু বলে দিয়েছেন, কবি শ্রীজাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবরটি ভুয়ো। কমিশন এমন কোনও নির্দেশ দেয়নি। কমিশনের তরফে বলা হয়েছে, চাইলে কবি শ্রীজাত নিজে কমিশনে ফোন করে জেনে নিতে পারেন যে তাঁর সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে।
এই খবরটি ভুয়ো বলেছে নির্বাচন কমিশন। অথচ তা যাচাই করার আগেই সোশাল মিডিয়ায় বেশ কয়েকজন কবি-লেখক কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে নানারকম পোস্ট দিয়েছেন। কেউ গর্জে ওঠার ডাক দিয়ে ফেলেছেন। কেউ আবার ফ্যাসিবাদ দাঁত-নখ বের করতে শুরু করেছে বলে কটাক্ষ করেছেন। কিন্তু, গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি ঠিক নয় বলে কমিশন বিবৃতি দিয়ে জানানোর পরে সোশাল মিডিয়ায়যে কবি-লেখকরা নানা মন্তব্ করে পোস্ট দিয়েছিলেন, তাঁরা কিন্তু অবস্থান বদলের কথা এখনও ঘোষণা করেননি। তাই অনেকে প্রশ্ন তুলেছেন, একটা খবরের সত্যাসত্য তলিয়ে না দেখে গর্জে ওঠার ডাক দেওয়াটা কি ঠিক! একটা খবরের সত্যতা যাচাই না করে সোশাল মিডিয়ায় তড়িঘড়ি বিবৃতি পোস্ট করে জনমত গঠনের চেষ্টা কি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে করা হয় না? নৈতিকতা বোধ ঠিক থাকলে মিথ্যে খবরের ওপরে ভিত্তি করে প্রতিক্রিয়া দেওয়ার পরে সেটা প্রত্যাহার করা উচিত বলে অনেকে মনে করেন।
কেমন শ্রীজাতের নামে এমন খবর রটল বা রটানো হল!
মূল ঘটনা হল, কয়েক বছর আগে শ্রীজাতের লেখা একটি কবিতা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দিয়েছে বলে একাধিক মামলা হয়। শিলিগুড়ি, কৃষ্ণনগর আদালাতে মামলা দায়ের হয়। সেই মামলা পরে হাইকোর্টে স্থানান্তর হয়। এই মামলার আগামী তারিখ আগামী জুন মাসে। ভোট প্রক্রিয়া শুরু হলে রাজ্যের সব থানা থেকে কমিশনের কাছে বিচারাধীন মামলার তালিকা, কার নামে কি মামলা রয়েছে সেই বিষয়টি পাঠাতে হয়। সেভাবেই হাজার-হাজর মামলার তালিকার মধ্যে শ্রীজাতের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার উল্লেখ রয়েছে।
সেই মামলার সূত্র ধরেই বুধবার রটে যায়, বা রটিয়ে দেওয়া হয় শ্রীজাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছে কমিশন। তা নিয়ে সোশাল মিডিয়ায় ঝটপট প্রতিক্রিয়া দিতে থাকেন একাধিক কবি সাহিত্যিক। এর পরে কয়েকটি মিডিয়া তা নিয়ে ব্যাপক শোরগোল ফেলে দেয়।
নির্বাচন কমিশনের নজরে বিষয়টি যেতেই পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়ে দেন, শ্রীজাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর পুরোপুরি ভিত্তিহীন।
এখন দেখার বিষয়, ভিত্তিহীন খবরের জেরে যে কবি-সাহিত্যিকরা প্রতিক্রিয়া দিয়েছিলেন, তাঁরা তা প্রত্যাহার করেন নাকি অন্য কোনও যুক্তি পোস্ট করেন।