আমুদরিয়া নিউজ : সিকিমের লাচেনে টানা বৃষ্টি ও তুষারপাতের কারণে কমপক্ষে ১৫০০ পর্যটক আটকা পড়েছিলেন। ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হলে ভারতীয় সেনা ও বর্ডার রোডস অর্গানাইজেশন উদ্ধার অভিযান চালায়। ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের পর পর্যটকদের লাচেন-ডংকিয়া লা-শিবমন্দির-জিরো পয়েন্ট-ইয়ুমথাং করিডর দিয়ে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। পর্যটকদের ছোট ছোট দলে ভাগ করে আনা হচ্ছে এবং নিরাপত্তার কারণে তারামচুর রুটে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
সেনা ও জেলা প্রশাসন একসঙ্গে লাচেনে উদ্ধার অভিযান পরিচালনা করছেন, তদারকি করছেন মঙ্গন জেলার জেলাশাসক অনন্ত জৈন ও পুলিশ সুপার । স্থানীয় বাসিন্দা, হোটেল মালিক, যুব কমিটি ও গাড়ি চালক সংগঠনও উদ্ধার কাজে সহায়তা করছেন। দ্রুত অভিযান চালানোয় অনেক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কড়া নজরদারি বজায় রাখা হবে বলে জানান হয়েছে।