আমুদরিয়া নিউজ : দিঘার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক ভাবে প্রাণ হারান অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর খবর সামনে আসতেই বাংলার বিনোদন জগতে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি অভিনেতার মৃত্যু ঘিরে বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করে। টলিপড়ার অনেকেই রাহুলের মৃত্যুর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন।
প্রশ্ন উঠতে শুরু করে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-কে ঘিরেও। এই প্রযোজনা সংস্থারই একটি ধারাবাহিকে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। শুটিং করতে গিয়ে কীভাবে মৃত্যু হলো অভিনেতার, সেখানে কী যথেষ্ট নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল ওই সংস্থা। সেই প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত, লেখিকা মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেন কেউ কেউ।
এই ঘটনার পর আজ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, লীনা মহিলা কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে ইচ্ছুক। যাতে তদন্তে কোনও পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে। বিবৃতিতে আরও বলা হয়েছে, লীনা গঙ্গোপাধ্যায় সংস্থার প্রমোটর বা পরিচালনাকারী নন। তিনি শুধু লেখক ও সৃজনশীল প্রধান হিসেবে যুক্ত ছিলেন। তাঁর ভূমিকা সবসময়ই সৃজনশীল কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
সংস্থা জানিয়েছে, তদন্তে স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রাহুলের মৃত্যুর তদন্তে কোনও প্রভাব না পড়ে।