আরাবুল ইস্যু নিয়ে সেলিমকে কড়া জবাব নওসাদের

আমুদরিয়া নিউজ: আরাবুল ইস্যুতে এবার কড়া জবাব দিলেন নওসাদ সিদ্দিকি। তিনি সাফ জানিয়ে দিলেন, কাকে প্রার্থী করা হবে, না করা হবে তা দলের অভ্যন্তরীণ বিষয়, অন্য কোনো দলের ইচ্ছে অনিচ্ছের ওপর ভিত্তি করে তাঁর দল চলবে না।

জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই আসন সমঝোতা নিয়ে বাম-আইএসএফের মধ্যে মতানৈক্য চলছে। শুধু তাই নয়, একসময়ের তৃণমূলের ‘তাজা’ নেতা হিসেবে পরিচিত আরাবুল ইসলামকে আইএসএফ থেকে প্রার্থী করা হলে দুই দলের বিরোধ ক্রমশ প্রকাশ্যে চলে আসে।

একসময় যাঁর হাতে দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছিল, জোট শরিক সেই আরাবুলকেই প্রার্থী করেছে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি আলিমুদ্দিন। বৃহস্পতিবার সকালেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ঠ করেই জানিয়ে দেন, “দুর্বৃত্তকে বগলদাবা করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না।”

সেলিমের এই মন্তব্য মানতে পারেননি নওসাদ। এদিন রাতেই তার কড়া জবাব দিলেন তিনি। তাঁর সাফ বক্তব্য, “প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সেখানে অন্য কোনও দলের খবরদারি মানা হবে না। আইএসএফ কারও লেজুড়বৃত্তি করতে পারে না।”

ছাব্বিশের ভোটের মুখে দুই জোট শিবিরের এই মতবিরোধ ভাঙড় এবং ক্যানিংয়ের ভোটে কী প্রভাব ফেলে সেদিকেই লক্ষ্য রাখছে রাজনৈতিক মহল। এমনকি শেষ পর্যন্ত এই জোট অটুট থাকে কি না তা নিয়েও অনেকের মনে সন্দেহ তৈরি হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *