আমুদরিয়া নিউজ : ভোট মিটলেই বাড়তে পারে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কোনো সুস্পষ্ট পরিকল্পনাই নেই। এবার এই অভিযোগ তুলেই, মোদী সরকারকে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে সারা বিশ্বে জ্বালানির জোগানে টান পড়েছে। দেশে এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে কি না, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে সংশয়। ডিলারদের দোকানে প্রতিদিন ভিড় বাড়ছে, লম্বা হচ্ছে লাইন। বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার খবরও সামনে এসেছে।
যদিও কেন্দ্রীয় সরকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই আশ্বাস দিয়েছে। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন বলেই মনে করছেন রাহুল। শনিবার এক্স- হ্যাণ্ডেলে তিনি দাবি করেন, “এটি শুধু সময়ের অপেক্ষা—ভোট মিটলেই পেট্রল, ডিজেল এবং গ্যাসের দাম বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কোনও বাস্তব পরিকল্পনা নেই।”
পাশাপাশি তিনি ওই পোস্টে আরও অভিযোগ করেন, ডলারের বিপরীতে টাকার দাম দ্রুত কমছে। এর প্রভাব পড়বে গোটা দেশের অর্থনীতির ওপর। এর ফলে চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। দেশের উৎপাদন ও পরিবহণ খরচ বাড়বে যেমন বাড়বে পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প বড় ধাক্কা খাবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ তুলে নিলে শেয়ার বাজারে চাপ তৈরি হবে। কিন্তু পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি।
আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত পুদুচেরিতে বিধানসভা ভোট রয়েছে। ভোটের আগে রাহুলের এই পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।