জ্বালানি সঙ্কট মেটাতে ফের বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত

আমুদরিয়া নিউজ : বাংলাদেশের জ্বালানি সংকট মেটাতে ফের একবার পাশে দাঁড়ালো ভারত। ঈদের আগে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী এপ্রিল মাসের মধ্যেই ভারত থেকে অতিরিক্ত প্রায় ৪৫ হাজার টন ডিজেল আমদানি করার পরিকল্পনা করেছে ঢাকা। রবিবার এক সরকারি আধিকারিক সূত্রে জানা গিয়েছে, উৎসবের সময় দেশে জ্বালানির চাহিদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জ্বালানির ঘাটতি যাতে না দেখা যায়, তাই আগেভাগেই সরবরাহ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে—এই আশঙ্কায় উদ্বেগ বাড়ছে বাংলাদেশে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি মজুত করতে সাধারণ মানুষের ভিড় বেড়ে গিয়েছে বলে খবর। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে সাময়িকভাবে জ্বালানি বিক্রিতে রেশনিং ব্যবস্থাও চালু করা হয়েছিল।

তবে সামনে ইদুল ফিতরের ছুটি থাকায় লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ শহর ও গ্রামে যাতায়াত করবেন বলে সেই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উৎসবের সময়ে যাতে যাতায়াতে কোনও সমস্যা না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।

প্রশাসনের আশা, ভারত থেকে অতিরিক্ত ডিজেল আমদানি করা গেলে জ্বালানি সরবরাহের উপর চাপ অনেকটাই কমবে। বিশেষজ্ঞদের মতে, সে ক্ষেত্রে উৎসবের মরশুমে সারা দেশে পর্যাপ্ত জ্বালানির জোগান বজায় রাখা সম্ভব হবে।

কিছুদিন আগেই ভারত থেকে প্রায় ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে। সূত্রের খবর, আগামী ১৮ বা ১৯ মার্চের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেল পাঠানো হতে পারে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-র জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল অ্যান্ড অপারেশনস) জানিয়েছেন, ভারত থেকে অতিরিক্ত প্রায় ৪০ হাজার টন ডিজেল আমদানির একটি প্রস্তাব পাওয়া গিয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই এপ্রিল মাসের মধ্যেই এই অতিরিক্ত জ্বালানিও বাংলাদেশে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *