আমুদরিয়া নিউজ : তাইওয়ানকে ঘিরে ফের উত্তেজনা বাড়াল চীন। প্রায় দুই সপ্তাহের বিরতির পর আবারও তাইওয়ানের চারপাশে বড় পরিসরে সামরিক বিমান মোতায়েন শুরু করেছে বেইজিং। রোববার (১৫ মার্চ) তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় তারা ২৬ টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে। এর মধ্যে বেশিরভাগ বিমানই তাইওয়ান প্রণালি অঞ্চলে সক্রিয় ছিল বলে দাবি করা হয়েছে।
এর আগে ২৫ ফেব্রুয়ারি ৩০টি চীনা যুদ্ধবিমান দেখা গিয়েছিল, যাকে বেইজিং ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’ বলে উল্লেখ করেছিল। তবে ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত প্রায় কোনো চীনা সামরিক বিমান দেখা যায়নি। এরপর মাঝে মাঝে সীমিত তৎপরতা থাকলেও সাম্প্রতিক এই বড় উপস্থিতি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ব্যাখ্যা দেয়নি চীন। তবে ১৪ মার্চ রাতে চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে। ওই বক্তব্যে তিনি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং গণতন্ত্র রক্ষার ওপর জোর দিয়েছিলেন।
বিশ্লেষকদের মতে, এই সামরিক বিরতির পেছনে একাধিক কারণ থাকতে পারে। সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে কৌশলগত পুনর্বিন্যাস কিংবা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সেনাবাহিনীতে অভ্যন্তরীণ তদন্তের সঙ্গেও এই পরিস্থিতির যোগ থাকতে পারে।