আমুদরিয়া নিউজ : রান্নার গ্যাস বুকিং নিয়ে বড় পরিবর্তন আনল কেন্দ্র। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এবার আর ইচ্ছে মতো এলপিজি সিলিন্ডার বুক করা যাবে না। একবার গ্যাস সিলিন্ডার ডেলিভারি পাওয়ার পর কমপক্ষে ২১ দিন অপেক্ষা না করলে নতুন করে বুকিং করা যাবে না। তেল সংস্থাগুলি ইতিমধ্যেই তাদের সফটওয়্যার আপডেট করে এই নিয়ম কার্যকর করেছে বলে জানানো হয়েছে।
মূলত আন্তর্জাতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই আতঙ্কে আগেভাগে একাধিক সিলিন্ডার বুক করার চেষ্টা করছেন। সেই প্রবণতা রুখতেই এই কড়াকড়ি চালু করেছে তেল বিপণন সংস্থাগুলি।
কেন্দ্রের দাবি, দেশে রান্নার গ্যাসের তেমন ঘাটতি নেই। তবে যাতে কালোবাজারি বা অতিরিক্ত মজুত না হয়, সেজন্যই এই নতুন নিয়ম। বিশেষজ্ঞদের মতে, এতে সারা দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সুবিধা হবে এবং সব গ্রাহকই সময়মতো সিলিন্ডার পাবেন।