আমুদরিয়া নিউজ : দুনিয়া ঘুরে ঘুরে প্রায় ৫৫ বছর ধরে ৯টি দেশে অন্তত ৯০ জন নাবালক-নাবালিকাকে পড়ানোর নামে ধর্ষণ ও যৌন নিপীড়ন করার অভিযোগে এক ফরাসি শিক্ষককে সে দেশের পুলিশ গ্রেফতার করেছে। ওই শিক্ষকের বয়স প্রায় ৮০ বছর। যে ৯টি দেশে পড়ানোর পাঁকে যৌন অত্যাচার করেছে ওই শিক্ষক, তার মধ্যে ভারতের নামও রয়েছে। ওই যৌন নিপীড়কের নাম জ্যাক ল্যুভ্যুগল।
জ্যাক ফ্রান্সের অ্যানেসিতে ১৯৪৬ সালে জন্মেছে। ১৯৬৭-২০২২ সালের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সীদের পড়ানোর অছিলায় যৌন অত্যাচার করেছে। ২০২৪ সালে অভিযোগ পেয়ে জ্যাককে ফ্রান্সের পুলিশ ধরে। সম্প্রতি পুলিশ প্রকাশ্যে বিষয়টি জানিয়ে সাক্ষীদের সহযোগিতা চেয়েছে।
ফ্রান্সের সরকারি আইনজীবী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ভারত, জার্মানি, সুইজারল্যান্ড, মরক্কো, নাইজেরিয়া, আলজেরিয়া, ফিলিপাইন, কলম্বিয়া ও ফ্রান্সের কিছু এলাকায় ফ্রিল্যান্স শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে জ্যাক কাজ করত। সে সময় এ সব অপরাধ করেছে। জ্যাক স্পেলিওলজি (গুহাবিজ্ঞান) এবং ফরাসি ভাষার শিক্ষক।
সরকারি আইনজীবী জানান, জ্যাক বিভিন্ন দেশে ঘুরে গৃহশিক্ষক বা শিক্ষক হিসেবে কিছুদিন কাটাত। সেখানে পরিচিত হয়ে নাবালক নাবালিকাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করত। জ্যাকের কাছ থেকে একটি ইউএসবি ড্রাইভ উদ্ধার করেছে পুলিশ। সেখানে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে জ্যাক যৌন সম্পর্ক নিয়ে যাবতীয় বিবরণ লিখে রেখেছে। সেই ইউএশবি ড্রাইভ থেকেই প্রায় ৯০ জনের নাম জেনেছে পুলিশ।
আরও ভয়ঙ্কর অভিযোগ হল, জ্যাক কবুল করেছে, সে তাঁর মরণাপন্ন ক্যানসার আক্রান্ত মাকে বালিশ চাপা মেরেছে। এমনকী, ৯২ বছর বয়সী পিসিকেও ঘুমন্ত অবস্থায় খুন করেছে জ্যাক।