আমুদরিয়া নিউজ : চুক্তি সইয়ের আগেই বড় পরিবর্তন ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির খসড়ায়। হোয়াইট হাউসের নতুন নথিতে দেখা যাচ্ছে, আগের কিছু কড়া শব্দ ও শর্ত বদলে গিয়েছে—যা আপাতত ভারতের পক্ষেই স্বস্তির বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
‘Committed’ থেকে ‘Intends to Buy’
আগের খসড়ায় বলা হয়েছিল, ভারত ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন সেই শব্দ বদলে হয়েছে কিনতে ইচ্ছুক। অর্থাৎ বাধ্যবাধকতা কমল, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকছে ভারতের হাতে।
ডাল তালিকা থেকে বাদ
মার্কিন নিঃশুল্ক রফতানির তালিকা থেকে ডাল (Pulses) বাদ পড়েছে। ফলে ভারত চাইলে আমদানিতে শুল্ক বসাতে পারবে। বিশ্বের বৃহত্তম ডাল উৎপাদক দেশ হিসেবে এটা ভারতীয় কৃষকদের জন্য বড় স্বস্তি।
কৃষিপণ্যে নরম সুর
ডিডিজি, সয়াবিন তেল, ওয়াইন-স্পিরিটসসহ একাধিক কৃষিপণ্যে শুল্ক কমানোর ভাষাও আগের তুলনায় অনেকটাই নরম হয়েছে।
ডিজিটাল ট্যাক্স ইস্যুতেও বদল
আগে বলা হয়েছিল ভারত ডিজিটাল পরিষেবা কর তুলে দেবে। নতুন নথিতে সেই দাবি নেই। বরং দুই দেশ যৌথভাবে ডিজিটাল বাণিজ্য নীতি গঠনের কথা বলা হয়েছে।
রাজনৈতিক চাপের জেরেই কি এই বদল? বিরোধীদের সমালোচনার পরই সংশোধিত নথি সামনে আসায় জল্পনা তুঙ্গে। তবে কেন্দ্রের দাবি, কৃষক ও শিল্পের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত।
সব মিলিয়ে, চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত স্পষ্ট—তবে আপাতত ভারতের অবস্থান কিছুটা শক্তিশালী বলেই মনে করছেন বিশ্লেষকরা।