আমুদরিয়া নিউজ : একই দিনে দু’টি বড় কর্মসূচির জেরে বুধবার কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত স্তব্ধ হয়ে যায়। আশা কর্মীদের স্বাস্থ্যভবন অভিযান এবং শহিদ মিনারে আইএসএফ-এর কর্মসূচি—এই দুই আন্দোলনের কারণে সকাল থেকেই তীব্র যানজটের মুখে পড়েন অফিসযাত্রী ও নিত্যযাত্রীরা।
সল্টলেক সেক্টর ফাইভ, নিউটাউন, চিংড়িঘাটা, সায়েন্স সিটি, এজেসি বোস রোড ও এসএন ব্যানার্জি রোডে যান চলাচল ছিল অত্যন্ত ধীর। অনেক জায়গায় দীর্ঘ সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়। বহু মানুষ সময়মতো অফিসে পৌঁছতে পারেননি, কেউ কেউ বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছন।
শহিদ মিনারে আইএসএফ-এর কর্মসূচিতে যোগ দিতে বাইরে থেকে বহু বাস ও ট্রাক আসায় মধ্য কলকাতায় যানজট আরও বাড়ে। পাশাপাশি আশা কর্মীদের আন্দোলনের কারণে পুলিশের ব্যারিকেড বসানোয় বিকল্প রাস্তাতেও চাপ পড়ে।
পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশ চেষ্টা চালালেও সকাল ও দুপুরের গুরুত্বপূর্ণ সময় জুড়েই চরম ভোগান্তি হয়। শহরবাসীর দাবি, ভবিষ্যতে এমন কর্মসূচির ক্ষেত্রে আরও ভাল পরিকল্পনা ও সমন্বয় জরুরি।