অল্প সময়ে, কম উপকরণে বানিয়ে ফেলুন মাটন নাগা ভর্তা, রইল রেসিপি

আমুদরিয়া নিউজ: পাঁঠার মাংস ছাড়া রবিবার জমে না। তবে পাঁঠার মাংসের এমন রেসিপি আছে, যা বানিয়ে ফেলা যায় অল্প সময়ে এবং কম উপকরণে। নাম মাংসের নাগা ভর্তা।

উপকরণ:

৫০০ গ্রাম পাঁঠার মাংস, ২ টেবিল চামচ আদা কুচি, ২ টেবিল চামচ রসুন কুচি, ৫টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, ১টি বড় টম্যাটো টুকরো করে কাটা, ৮-১০টি কাঁচালঙ্কা (স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, এই রান্নাটি একটু ঝাল হয়), ৩-৪ টেবিল চামচ ধনেপাতা, ৪-৫ টেবিল চামচ তেল, স্বাদমতো নুন

যেভাবে বানাবেন : মাংস প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে। তবে অর্ধেক সেদ্ধ করার পরে কুকারের ঢাকনা খুলে ৪-৫টি কাঁচালঙ্কা চেরা ভিতরে ফেলে আবার ঢাকনা বন্ধ করে বাকিটা সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে মাংস ঠান্ডা করে হাড় থেকে ছাড়িয়ে নিন (আগে থেকেই হাড় ছাড়া মাংস নিতে পারলে হাড় থেকে মাংস ছাড়ানোর কাজটি করতে হবে না)। এ বার হাড় ছাড়া মাংস মিক্সিতে বেটে নিতে হবে অথবা কাঁটাচামচের সাহায্যে মিহি ভাবে ছিঁড়ে নিতে হবে।কড়াইয়ে তেল গরম করে, তার মধ্যে দিন কুচি করা পেঁয়াজ। পেঁয়াজে হালকা বাদামি রং ধরলে আদা এবং রসুন কুচি দিয়ে ভাজুন। কাঁচা গন্ধ চলে গেলে টুকরো করে কেটে রাখা টম্যাটো এবং বাকি কাঁচালঙ্কা চেরা এবং নুন দিতে হবে। টম্যাটো গলে গেলে দিন বেটে নেওয়া মাংস। ভাল ভাবে মশলার সঙ্গে কষান ১০ মিনিট মতো। তার পরে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে আরও এক বার নাড়াচাড়া করে আঁচ থেকে নামান। মাংসের নাগা ভর্তা তৈরি। মাঝারি বলের মাপে গড়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *