আমুদরিয়া নিউজ: আন্তঃরাজ্য অভিযানে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার ১০টি জায়গা থেকে ৯৮ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন ৩০ জন মহিলা ও ৩৮ জন শিশু। তাঁদের অধিকাংশই মহারাষ্ট্রের রায়গড় জেলার কাটকারি আদিবাসী সম্প্রদায়ের অভিবাসী পরিবারের সদস্য বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, নিয়মিত কাজ ও আর্থিক অগ্রিম দেওয়ার প্রতিশ্রুতি দেখিয়ে ওই পরিবারগুলিকে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁদের বিভিন্ন কয়লা তৈরির ইউনিটে কাজ করানো হচ্ছিল। কয়েকটি পরিবার দুই থেকে পাঁচ বছর ধরে সেখানে কাজ করছিল বলে তদন্তে উঠে এসেছে।
অভিযোগ, শ্রমিকদের প্রত্যেক পরিবারকে কাজের আগে ৫ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম দেওয়া হয়েছিল। পরে সেই ঋণের দায় দেখিয়ে তাঁদের দীর্ঘদিন কাজ করানো হয়। প্রশাসনের অভিযানের পর উদ্ধার করা শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।