আমুদরিয়া নিউজ: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ভয়াবহ বন্যায় যখন চারদিক প্লাবিত, তখন মাঝরাতে কোনো নৌকা বা উদ্ধারকারী দল না পেয়ে বাধ্য হয়ে একটি কলাগাছের ভেলায় চড়ে প্রাণ বাঁচিয়েছেন ৯৭ বছর বয়সী এক বৃদ্ধা। শিবসাগর জেলার চারিং গ্রামের বাসিন্দা লোকদা দুয়ারা নামের ওই বৃদ্ধা সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন।গত ১৯ জুলাই রাতে আকস্মিকভাবে গ্রামে বন্যার জল ঢুকতে শুরু করলে জল ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বেড়ে যায়। বৃদ্ধার ছেলে ও পুত্রবধূ বর্ণালী বরুয়া কোনো উপায় না দেখে তড়িঘড়ি করে কলাগাছের কাণ্ড দিয়ে একটি অস্থায়ী ভেলা তৈরি করেন। সেই ভেলায় বৃদ্ধাকে শুইয়ে তীব্র স্রোতের মধ্যে হেঁটে প্রায় এক ঘণ্টা লড়াই করে তারা জাতীয় সড়কের একটি আশ্রয় শিবিরে পৌঁছান।এবারের বন্যায় আসামের ২৫টি জেলায় প্রায় ১২ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন। চারিং গ্রামের বাসিন্দারা জানান, ১৯৫০ সালের পর তাদের এলাকায় এমন ভয়াবহ বন্যা আর কখনো দেখা যায়নি।