আমুদরিয়া নিউজ: ভারত ও নেপালে টানা বৃষ্টি ও ঝড়ে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতের উত্তরপ্রদেশে ৫৬ জন এবং নেপালে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নেপালে এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন।
উত্তরপ্রদেশে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। বন্যাকবলিত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণকাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, নেপালের ৭৭টি জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। নদ-নদীর জল বাড়তে থাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যায় কয়েকটি জেলায় বিদ্যুৎ ও যোগাযোগ পরিষেবাও ব্যাহত হয়েছে।
এরই মধ্যে মানাং জেলায় তুষারধসে হিমলুং হিমালের বেস ক্যাম্প চাপা পড়ে ১০ স্থানীয় কর্মী নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার সময় সেখানে কোনও বিদেশি পর্বতারোহী ছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।