আবহাওয়া আপডেট | ১৮ সেপ্টেম্বর ২০২৬

আমুদরিয়া নিউজ: শরৎ এসে দাঁড়িয়েছে বাংলায়। কাশফুলের দোল, নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘের যে ঋতুচিত্রে শরৎকে চেনা যায়, তার দেখা এখনও যেন অধরা। ভাদ্র পেরিয়ে আশ্বিনের হাতছানি এলেও আকাশের বুক জুড়ে বর্ষারই ছায়া। শরতের মেঘের বদলে বারবার জমছে কালো মেঘ, আর তার হাত ধরেই নামছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাসেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে এখনও বর্ষার রেশ কাটেনি। দার্জিলিং, কালিম্পং থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার—আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও হালকা, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শিলিগুড়িতেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ের ঢালে তাই এখনও বর্ষার সুর, আর সমতলের রাস্তায় বৃষ্টির ছন্দ। শরতের নির্মল নীল যেন মেঘের আড়ালেই অপেক্ষা করছে।

আজকের দার্জিলিং ও কালিম্পং-এর সর্বোচ্চ তাপমাত্রা ২১°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫°C, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬°C, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬°C থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গেও একই ছবি। কলকাতা-সহ একাধিক জেলায় মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, শরতের রোদ্দুর এখনও পুরোপুরি নিজের আসন পেতে বসেনি। নীল আকাশের বদলে ধূসর মেঘ, কাশফুলের বদলে ভেজা বাতাস—বাংলার ঋতুচক্রে যেন বর্ষা বিদায় নিতেও চাইছে না।

আজ কলকাতা, হাওড়া ও হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬°C, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬°C, পূর্ব ও পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭°C, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭°C, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬°C থাকবে বলে জানা গেছে।

তবু ঋতুর নিজস্ব নিয়মে একদিন মেঘ সরবেই। বৃষ্টিভেজা আকাশের বুক চিরে ফুটে উঠবে শরতের নীল, বাতাসে ভেসে আসবে কাশফুলের দোলা। বর্ষার শেষ সুর পেরিয়ে তখনই হয়তো সত্যিকারের শরৎ এসে বলবে—“আমি এসেছি।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *