আবহাওয়ার খবর ১৮.০৫.২০২৬

আমুদরিয়া নিউজ : সোমবার সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে গরম ও ভ্যাপসা অস্বস্তি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই রোদের তেজ থাকবে যথেষ্ট বেশি, সঙ্গে উচ্চ আর্দ্রতার কারণে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে দু-একটি জেলায় বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। ফলে সপ্তাহের শুরুতেই তীব্র গরম থেকে খুব একটা স্বস্তি মিলবে না।
অন্যদিকে উত্তরবঙ্গে সোমবারও বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে তুলনামূলকভাবে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *