চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

আমুদরিয়া নিউজ: চাকরিহারা গ্রুপ-সি, গ্রুপ-ডি কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হয়। সোমবার মামলার শুনানিতে হাইকোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যকে। বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের অ্ডযাভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন করেন, ‘আপনাদের এত তাড়াহুড়ো কিসের? সুপ্রিম কোর্টের রায়ের পর কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল?’ তিনি আরও জানতে চান, ‘যারা ভাতা পাবেন তারা কি বাড়িতে বসেই টাকা পাবেন? নাকি কিছু কাজ করে ভাতা পাবেন? ২০-২৫ হাজার টাকার অঙ্কটা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে? কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? অতীতে কোন কোন ঘটনায় এভাবে রাজ্য আর্থিক সাহায্য করেছে? তাহলে কি সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর ওনারা টাকা পেতেই থাকবেন?’ এদিন বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে কার্যত দিশাহারা দেখায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে। এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *