আমুদরিয়া নিউজ: দেশের বন্দর ও সমুদ্রবন্দর-সংক্রান্ত পরিকাঠামো প্রকল্পে বড় পরিবর্তন আনল কেন্দ্র। পরিবেশ মন্ত্রকের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, বন্দর, হারবার, ব্রেকওয়াটার এবং ড্রেজিং প্রকল্পের পরিবেশগত ছাড়পত্রের (Environmental Clearance) প্রাথমিক বৈধতা ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করা হয়েছে।
নতুন নিয়মে ২০ বছর পর নির্দিষ্ট শর্তসাপেক্ষে আরও ৫ বছরের মেয়াদ বাড়ানো যেতে পারে। বিশেষ ক্ষেত্রে আরও একবার ৫ বছর বাড়ানোর সুযোগ থাকবে। তবে সেই ক্ষেত্রে প্রকল্পের পরিবেশগত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবে Expert Appraisal Committee বা সংশ্লিষ্ট রাজ্যস্তরের কমিটি। প্রয়োজনে Environmental Management Plan-এ অতিরিক্ত সুরক্ষামূলক ব্যবস্থা যুক্ত করা হতে পারে।
কেন্দ্রের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে বন্দর প্রকল্পগুলির দীর্ঘ সময় ধরে চলা নির্মাণপর্ব এবং ধাপে ধাপে উন্নয়নের প্রয়োজনীয়তা। আগে ১০ বছরের মেয়াদ শেষ হয়ে গেলে, সামান্য বাড়তি সময়ের জন্যও নতুন করে ছাড়পত্রের প্রক্রিয়ায় যেতে হত। নতুন ব্যবস্থায় সেই জটিলতা কমবে বলে মনে করা হচ্ছে।
নতুন নিয়মটি শুধু ভবিষ্যতের প্রকল্প নয়, যেসব চলতি প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র এখনও বৈধ এবং প্রকল্প সম্পূর্ণ হয়নি, সেগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কেন্দ্রের লক্ষ্য, দীর্ঘমেয়াদি বন্দর পরিকাঠামো উন্নয়নে নিয়ন্ত্রক অনিশ্চয়তা কমানো এবং প্রকল্প বাস্তবায়নের সময়সীমা আরও বাস্তবসম্মত করা।