কেন্দ্রের ব্যর্থতা তুলে ‘পাল্টা চার্জশিট’ তৃণমূলের

আমুদরিয়া নিউজ : শনিবার বিজেপির চার্জশিট প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই বিজপির বিরুদ্ধে পাল্টা চার্জশিট প্রকাশ করল তৃণমূল। জানা গিয়েছে, কলকাতায় সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের দমদম আসনের প্রার্থী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ এই চার্জশিট পেশ করেছেন। এদিন দুপুরেই অমিত শাহ্‌ বিজপির চার্জশিট প্রকাশ করে মমতা সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন। এবার পাল্টা অভিযোগ পত্র প্রকাশ করে সরাসরি এর জবাব দিল তৃণমূল।

বাংলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও নারী নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছিলেন শাহ্‌। তৃণমূল এর বিরোধিতা করে দেশের বিভিন্ন ঘটনার উদাহরণ তুলে ধরে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করেছে। পহেলগাম হামলা, মণিপুরের সংঘর্ষ, সংসদে ধোঁয়া বোমা হামলা ও লালকেল্লার কাছে বিস্ফোরণের মতো ঘটনার কথা তুলে ধরে তৃণমূলের প্রশ্ন, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা কোথায় ব্যর্থ হল?

অনুপ্রবেশ ইস্যুতেও এদিন বিজেপিকে পাল্টা আক্রমণ করে তৃণমূল। তাদের দাবি, সীমান্ত রক্ষা করা কেন্দ্রের দায়িত্ব, তা সত্ত্বেও কেন অনুপ্রবেশ রোখা যাচ্ছে না। নারী নিরাপত্তা নিয়েও বিজেপির অভিযোগ খারিজ করে তৃণমূল জানায়, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই ধরনের অপরাধে অনেক বিজেপি শাসিত রাজ্য এগিয়ে রয়েছে।

পাশাপাশি এদিন বাংলার ‘অপরাজিতা বিল’ আটকে রাখার অভিযোগও তোলা হয় কেন্দ্রের বিরুদ্ধে। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি বারবার মিথ্যে অভিযোগ তুলে মানুষকে বিভ্রান্ত করছে। বাংলার মানুষই শেষ পর্যন্ত ভোটে এর জবাব দেবে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *