উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা শুরু, আজ প্রথম দিন

আমুদরিয়া নিউজ: আজ, ২১ সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হল উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১৮ হাজার ৬২০ জন—এর মধ্যে ৩ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন ছাত্র এবং ৪ লক্ষ ২ হাজার ৮৮৯ জন ছাত্রী। পরীক্ষা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

এবারের পরীক্ষায় প্রথমবারের মতো OMR শিটে উত্তর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ প্রথম ভাষার পরীক্ষা হচ্ছে। অধিকাংশ পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে। পরীক্ষার নিরাপত্তাতেও বাড়তি নজরদারি রাখা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ। মূল গেটে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি এবং CCTV নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। প্রশ্নপত্রের সিল পরীক্ষার্থীদের সামনে খোলার ব্যবস্থাও করা হয়েছে।

সংসদের তরফে জানানো হয়েছে, প্রতিটি পরীক্ষাকক্ষে অন্তত দু’জন পরিদর্শক থাকবেন এবং পরীক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *