নিয়োগ দুর্নীতি মামলা: জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময়

আমুদরিয়া নিউজ: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট । তবে এখনই জেল মুক্তি হচ্ছে না কল্যাণময়ের। সিবিআই মামলায় তাঁকে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে! ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। কল্যাণময়ের আমলে স্কুলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কল্যাণময়কে গ্রেফতার করে সিবিআই। নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগপত্র দেওয়া, বেআইনি ভাবে পদ আঁকড়ে থাকা-সহ একাধিক অভিযোগ রয়েছে কল্যাণময়ের বিরুদ্ধে। এমনকী বাগ কমিটির রিপোর্টেও নাম রয়েছে তাঁর। ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পর্ষদ সভাপতি পদে ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছে। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। যে সময়ে এই নিয়োগ প্রক্রিয়া হয়, সে সময়েও কল্যাণময়ই পর্ষদের সভাপতি পদে। গ্রেপ্তারির পর থেকেই বারবার জামিনের আবেদন জানিয়েছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। তবে তার বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রভাবশালী তত্ত্বের ভিত্তিতে বিরোধিতা করা হয়। তবে মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *