আমুদরিয়া নিউজ: ভোটার তালিকায় নাম তোলার সংশোধিত ফর্ম ৬ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। এই ফর্মকে শীর্ষ আদালত অনুমোদনও দেয়নি, খারিজও করেনি। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, বিহারের এসআইআর মামলার শুনানির সময় সংশোধিত ফর্ম ৬-এর অস্তিত্বই ছিল না। ফলে ওই মামলায় ফর্মটির বৈধতা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি নিয়ে প্রিয়া মিশ্রের দায়ের করা একটি মামলার শুনানিতে বিষয়টি উঠে আসে। কমিশনের দাবি, ফর্ম ৬-এর সঙ্গে ভোটারদের ঘোষণাপত্র দেওয়ার বিষয়টি সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, সংশোধিত ফর্ম ৬ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
শুনানিতে এক মামলাকারীর আইনজীবী ফর্মটি নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়ার আর্জি জানান। জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত সতর্ক করে বলেন, ফর্ম ৬ নিয়ে কোনও আবেদনই করা হয়নি। অনুমোদন দেওয়া বা না দেওয়া—কোনও বিষয়েই আদালত কিছু বলেনি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি সংক্রান্ত মামলার শুনানি আগামী ২৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছে।