আমুদরিয়া নিউজ: আইপিএল ২০২৭-এর আগে বড় সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। ৬ অক্টোবর ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। তিনি হেমাঙ্গ বাদানির জায়গায় দায়িত্ব নেবেন।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে তিনি দলের অ্যাডভাইজার হিসেবে যুক্ত হন। পরবর্তীতে পুরুষ ও মহিলা—দুই দলেরই ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন। এবার প্রথমবার আইপিএলের কোনও দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন তিনি।
এর আগে দক্ষিণ আফ্রিকার SA20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন সৌরভ। ফলে কোচ হিসেবে এটি তাঁর দ্বিতীয় বড় দায়িত্ব। দিল্লি ক্যাপিটালস এখনও আইপিএল ট্রফি জিততে পারেনি, তাই নতুন মরশুমে দলকে সাফল্যের পথে নিয়ে যাওয়াই তাঁর সামনে বড় চ্যালেঞ্জ।
দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল সৌরভের নিয়োগকে স্বাগত জানিয়েছেন। সৌরভ নিজেও জানিয়েছেন, দিল্লি তাঁর কাছে অত্যন্ত কাছের একটি ফ্র্যাঞ্চাইজি এবং নতুন মরশুমে একটি “শক্তিশালী ও নির্ভীক দল” গড়ে তুলতে তিনি কাজ করতে চান।