ভোটে লড়তে চেয়ে এবার বিজেপির দ্বারস্থ কামদুনি আন্দোলনের টুম্পা কয়াল

আমুদরিয়া নিউজ : ভোটে লড়তে চেয়ে এবার বিজেপির দ্বারস্থ হলেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল। শনিবার তিনি দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখাও করলেন।

পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে দেখেছি, রাজনীতি ছাড়া আন্দোলন করা অত্যন্ত টাফ ব্যাপার। সেই কারণেই আমি সিদ্ধান্ত নিলাম বিজেপি জয়েন করব। সেইমতো দাদার সঙ্গে কথা হল।” দু-তিনদিনের মধ্যেই জয়েন করার কথা হয়েছে বলেও তিনি জানান।

এরপরেই রাজ্য সরকার ও পুলিশকে তোপ দেগে টুম্পা বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম ২০১৩ থেকে। এখনও পর্যন্ত সেই নিরাপত্তাহীনতায় ভুগছি। রাজ্য পুলিশের কথা আমাদের কিছু বলার নেই। কারণ, আমরা দেখেছি, যারা দোষী, যারা ধর্ষণকারী তাদের সাপোর্ট দিতে, তাদের সুরক্ষা দিতে। যারা প্রতিবাদী তাঁদের কখনো সুরক্ষা রাজ্যের পুলিশ দেয়নি।”

উল্লেখ্য, ২০১৩ সালের জুন মাসে উত্তর ২৪ পরগনার কামদুনিতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনার পর গ্রামবাসী ও সাধারণ মানুষ বিচারের দাবিতে সরব হয়ে ওঠে। টুম্পা কয়াল ছিলেন এই প্রতিবাদেরই অন্যতম মুখ। তিনি বহুবার বলেছেন দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতেই তাঁদের এই আন্দোলন এবং এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক।

সেই টুম্পাই এবার বিজেপির হয়ে ভোটে লড়বেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। দল শেষপর্যন্ত তাঁকে প্রার্থী করে কি না এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *