বিধানসভায় রক্ষী নিয়ে ঢুকতে পারবেন না কোনও বিধায়ক, জানিয়ে দিলেন অধ্যক্ষ

আমুদরিয়া নিউজ: এবার থেকে কোনও বিধায়ক ব্যক্তিগত দেহরক্ষী সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রবেশ করতে পারবেন না। সোমবার এই ঘোষণা করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম মুখ্যমন্ত্রী। তিনিই শুধুমাত্র রক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন। এই মর্মে এদিন নোটিসও দেওয়া হয়েছে বিধানসভায়। প্রসঙ্গত, রাজ্যের তৃণমূল বিধায়কেরা রাজ্য পুলিশের নিরাপত্তা পেয়ে থাকেন। অন্য দিকে, বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে সাধারণত থাকেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। বিধানসভার অধিবেশনের সময়ে বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধানসভার চৌহদ্দির বাইরে থাকতে হয়। তৃণমূল বিধায়কেরা রাজ্য পুলিশের দেহরক্ষী নিয়ে ঢুকতে পারেন। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই মামলায় আদালত জানতে চেয়েছিল, তৃণমূল বিধায়কেরা রাজ্য পুলিশের দেহরক্ষী নিয়ে ঢুকতে পারলে বিজেপি বিধায়কেরা কেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে ঢুকতে পারবেন না। এরপরই এদিন সকলের নিরাপত্তারক্ষীরই ভিতরে ঢোকা বন্ধ করার কথা বললেন অধ্যক্ষ। তিনি জানান কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা থাকবে। কারণ তাঁর নিরাপত্তারক্ষীরা কোনও অস্ত্র নিয়ে বিধানসভায় প্রবেশ করেন না। তিনি আরও জানান, লোকসভা এবং দেশের অন্যান্য বিধানসভাতেও একই রকম নিয়ম চালু রয়েছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *