আমুদরিয়া নিউজ: কেন্দ্রীয় সরকারের সমালোচকদের দেশবিরোধী তকমা দেওয়ার প্রবণতা নিয়ে সরব হলেন বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহ। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, সরকারের সমালোচনা করলেই কাউকে দেশবিরোধী বা ‘টুকড়ে টুকড়ে গ্যাং’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নিজেকে ‘দিমাগি নকশাল’ বলেও উল্লেখ করেন অভিনেতা।
এক ভিডিও বার্তায় নাসিরুদ্দিনের অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদ দমনের চেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার প্রবণতা বন্ধ হওয়া উচিত। সংবাদমাধ্যমের একাংশ ও বিজেপির তথ্যপ্রযুক্তি শাখার বিরুদ্ধেও সরব হন তিনি। তাঁর বক্তব্য, কোনও চাপই দেশের যুবসমাজের মনোবল ভাঙতে বা গণতন্ত্রকে বিপন্ন করতে পারবে না।