ফের বিতর্কে আরজি কর! স্ট্রেচার না পেয়ে মৃত্যু রোগীর

আমুদরিয়া নিউজ : আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে ফের অব্যবস্থার অভিযোগ। চিকিৎসা করাতে এসে সোমবার সেখানে মৃত্যু হয়েছে আরো এক ব্যক্তির।  জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বুকে ব্যথা নিয়ে আরজি করে ভর্তি হন নিমতার বিশ্বজিৎ সামন্ত (৬০)। রোগীর পরিবারের অভিযোগ, সোমবার সকালে শৌচালয়ের কথা জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে বাইরে কোথাও নিয়ে যেতে বলেছিলেন। বাধ্য হয়ে হেঁটে হেঁটে দোতলায় উঠতে হয়েছিল বিশ্বজিৎকে। মেলেনি কোনো স্ট্রেচার বা বেডপ্যান। এর ফলে শরীর আরো খারাপ হয়ে বিশ্বজিৎবাবুর। সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এরপরই কান্নায় ভেঙে পড়েন মৃতের স্ত্রী। বলেন, “আমরা খবরে শুনি যে সব ঘটনা, আজ আমার নিজের সঙ্গেই ঘটল। গরিব মানুষ যে কতটা অসহায়, দুর্ভাগা আজ বুঝলাম।” তাঁর দাবি ওই ঘটনার সময় নিরাপত্তা রক্ষীকে বার বার আবেদন করলেও, তিনি এগিয়ে আসেননি।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাইরের শৌচাগারে রোগীর মৃত্যু হয়নি। সেখানে শরীর খারাপ হয়েছিল। ফের ইমার্জেন্সিতে আনা হয়। ডাক্তাররা অনেকক্ষণ ধরে চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি। ইমার্জেন্সির বেডেই ভোর সাড়ে পাঁচটা নাগাদ মারা যান বিশ্বজিৎ সামন্ত।

মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে টালা থানার পুলিশ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *