আমুদরিয়া নিউজ: সুস্থ থাকতে প্রতিদিন ১০ হাজার ধাপ হাঁটতেই হবে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। ২০২৫ সালে ‘ল্যানসেট পাবলিক হেলথ’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, প্রতিদিন প্রায় ৭ হাজার ধাপ হাঁটলে অকালমৃত্যুর ঝুঁকি ৪৭ শতাংশ কমার সঙ্গে সম্পর্ক রয়েছে। পাশাপাশি হৃদ্রোগের ঝুঁকি ২৫ শতাংশ এবং ডায়াবেটিসের ঝুঁকি ১৪ শতাংশ কমার সম্পর্কও পাওয়া গেছে।
গবেষকদের মতে, শুধু হাঁটার পরিমাণ নয়, গতিও গুরুত্বপূর্ণ। দ্রুতগতিতে হাঁটলে স্বাস্থ্যগত উপকার পাওয়া যেতে পারে। হাঁটার সময় হৃদ্স্পন্দন বেড়ে যাওয়া বা সামান্য হাঁপিয়ে ওঠা শারীরিক কার্যকলাপের তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন বেশি সময় হাঁটার সুযোগ না থাকলেও দৈনন্দিন কাজের ফাঁকে হাঁটার অভ্যাস গড়ে তোলা উচিত। একেবারেই হাঁটা না করার চেয়ে অল্প হাঁটাও ভালো। তাই নিয়মিত হাঁটা, ধীরে ধীরে সংখ্যা বাড়ানো এবং সামর্থ্য অনুযায়ী হাঁটার গতি বাড়ানোই সুস্থ থাকার কার্যকর উপায়।