একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, মৃত ৩৪

আমুদরিয়া নিউজ: প্রবল বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। গত দু’দিন ধরে লাগাতার বৃষ্টিতে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামে মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের। বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধারকাজে নেমেছে ভারতের বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকরা। অসমের ১৯টি জেলার ৭৬৪টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত সে রাজ্যে দুর্যোগের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া বহু মানুষ। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্বের আরও চার রাজ্য মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়ও। মণিপুরের রাজধানী ইম্ফলে কার্যত জলের তলায় একাধিক এলাকা। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে মিজোরামে মোট পাঁচটি হোটেল ধসে গিয়েছে। ঘটনায় বেশ কিছু পর্যটকের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে আগামী কয়েকদিন গোটা উত্তর-পূর্ব ভারতজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসমভবন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *