নতুন এপস্টাইন নথিতে চাঞ্চল্য, ট্রাম্প ও মাস্কের নাম

আমুদরিয়া নিউজ : সদ্য প্রকাশিত নতুন দফার ‘এপস্টাইন ফাইলস’-এ উঠে এসেছে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর নাম। মার্কিন বিচার বিভাগ তিন মিলিয়নের বেশি পৃষ্ঠার নথি, প্রায় ২,০০০ ভিডিও ও ১ লক্ষ ৮০ হাজার ছবি প্রকাশ করেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, এটাই এপস্টাইন সংক্রান্ত নথি প্রকাশের শেষ ধাপ। নথিতে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের উল্লেখ থাকলেও, বিচার বিভাগ জানায়—এর অনেকটাই যাচাই না হওয়া ও ভিত্তিহীন দাবি। ট্রাম্প বরাবরই এপস্টাইনের সঙ্গে কোনও অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছেন। ইলন মাস্ক ও এপস্টাইনের মধ্যে ইমেল আদান-প্রদানের তথ্যও রয়েছে। ২০১২ সালে এপস্টাইনের ক্যারিবিয়ান দ্বীপে যাওয়ার আমন্ত্রণ মাস্ক প্রত্যাখ্যান করেন বলে দাবি তাঁর। তবে একটি ইমেলে ‘সবচেয়ে ওয়াইল্ড পার্টি’র প্রসঙ্গ উঠে আসে।
নথি অনুযায়ী, ২০১০ সালে প্রিন্স অ্যান্ড্রু এপস্টাইনকে বাকিংহাম প্যালেসে গোপন ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন। অন্যদিকে, এপস্টাইন খসড়া ইমেলে বিল গেটসের একাধিক পরকীয়া সম্পর্কের দাবি করলেও, এর কোনও আইনি প্রমাণ প্রকাশ করা হয়নি। টড ব্লাঞ্চ বলেন, কাউকেই রক্ষা বা আড়াল করা হয়নি। আইনি কারণে কিছু নথি প্রকাশ করা হয়নি এবং নথিতে সব নারী ও নাবালিকার ছবি ঝাপসা করা হয়েছে। ২০১৯ সালে জেলে আত্মহত্যা করেন জেফ্রি এপস্টাইন, তবে তাঁর মৃত্যু ও কর্মকাণ্ড ঘিরে বিতর্ক আজও থামেনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *