আমুদরিয়া নিউজ: ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পথে ভারত। ব্যবহারকারীর হয়ে ভবিষ্যতে এআই এজেন্টের মাধ্যমে ইউপিআই লেনদেনের ব্যবস্থা চালু করতে নতুন প্রোটোকল নিয়ে কাজ শুরু করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনপিসিআই। এই ব্যবস্থায় কোন এআই এজেন্ট লেনদেন করছে, তাকে কীভাবে চিহ্নিত ও অনুমোদন দেওয়া হবে এবং তার কার্যকলাপ কীভাবে নজরদারিতে রাখা হবে, সে জন্য রেজিস্ট্রি তৈরির পরিকল্পনাও রয়েছে।
প্রাথমিকভাবে ছোট ও ঘনঘন হওয়া ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এআই এজেন্টকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে নির্দিষ্ট শর্তে কেনাকাটা বা জটিল আর্থিক কাজেও এই প্রযুক্তির ব্যবহার বাড়তে পারে। তবে ব্যবহারকারীর সম্মতি, ভুল বা অননুমোদিত লেনদেনের দায় এবং নিরাপত্তা—এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।