আমুদরিয়া নিউজ: পছন্দের মানুষকে আকৃষ্ট করা, ডেটিং প্রোফাইল সাজানো কিংবা প্রেমের কথোপকথন—সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নিচ্ছেন ভারতীয়রা। ‘গ্লিডেন’ ও গবেষণা সংস্থা ‘ইপসোস’-এর সমীক্ষা অনুযায়ী, দিল্লির ৫৫ শতাংশ উত্তরদাতা গত এক বছরে কাউকে আকৃষ্ট করার কৌশল উন্নত করতে এআই ব্যবহার করেছেন। মুম্বাইয়ে এই হার ৪৯ শতাংশ এবং হায়দরাবাদে ৪৮ শতাংশ।
অন্যদিকে, ডেটিং অ্যাপ ‘আইসল’-এর সমীক্ষায় দেখা গিয়েছে, ৫৩.১ শতাংশ নারী নিজেদের অনুভূতি ও সম্পর্কের উদ্বেগ নিয়ে কথা বলতে এআইয়ের সাহায্য নেন। তবে এআইয়ের ব্যবহার নিয়ে মতভেদও রয়েছে। ২৪.৩ শতাংশ উত্তরদাতা নিজেরা এআই ব্যবহার করলেও সম্ভাব্য সঙ্গী একই কাজ করলে অস্বস্তি বোধ করেন।
বিশেষজ্ঞদের মতে, কথোপকথনের প্রস্তুতিতে এআই সহায়ক হলেও এর ওপর অতিরিক্ত আবেগগত নির্ভরতা বাস্তব সম্পর্কের ক্ষেত্রে অবাস্তব প্রত্যাশা ও একাকিত্ব বাড়াতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে ব্যক্তিগত অনুভূতি ও সরাসরি যোগাযোগের গুরুত্ব বজায় রাখা প্রয়োজন।