আমুদরিয়া নিউজ: শুভাংশু শুক্লার পর এ বার মহাকাশে যাচ্ছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল মেনন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০২৬ সালের মাঝামাঝি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর উদ্দেশে রওনা দেবেন অনিল। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের ‘এক্সপিডিশন-৭৫’-এ ক্রু সদস্য এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে দায়িত্ব পালন করবেন নাসার মহাকাশচারী অনিল। ২০২৬ সালের জুন মাসে রসকসমসের ‘সয়ুজ এমএস-২৯’ মহাকাশযানে চেপে পাড়ি দেওয়ার কথা অনিলের। সঙ্গে থাকবেন রসকসমসেরই আরও দুই মহাকাশচারী পিওত্র দুব্রোভ এবং আনা কিকিনা। সেখানে তাঁরা আট মাস থেকে নানা পরীক্ষা-নিরীক্ষা করবেন। অনিল মেননের পুরো নাম অনিল মাধবন সমইলেঙ্কো মেনন। জন্ম আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে। তাঁর বাবা-মায়ের মধ্যে একজন ভারতীয় এবং অন্যজন ইউক্রেনীয়। ৪৮ বছর বয়সি অনিল দীর্ঘ দিন বায়ুসেনায় কাজ করেছেন। ২০১৪ সালে নাসায় যোগ দেন ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে।
শুভাংশুর পর মহাকাশে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অনিল! কবে?
Leave a Comment