অপেক্ষার অবসান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন শুভাংশুরা

আমুদরিয়া নিউজ: ২৮ ঘণ্টা সফর শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ পৌঁছোলেন শুভাংশু শুক্লা সহ চার নভশ্চর। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছোলেন শুভাংশুরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। এই অভিযানে শুভাংশুর সঙ্গে রয়েছেন, নাসার প্রাক্তন মহাকাশচারী কমান্ডার পেগি হুইটসন, হাঙ্গেরির তিবোর কাপু এবং পোল্যান্ডের স্লাওসুজ উজনানস্কি-উইসনিয়েভস্কি।  বৃহস্পতিবার দুপুর থেকেই শুভাংশুদের যান ‘ড্রাগন’-কে আইএসএস-এর সঙ্গে ‘ডকিং’ করানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। দুপুর ৩টে থেকে আইএসএস থেকে স্পেসএক্সের ওই মহাকাশযান স্পষ্ট দেখা যাচ্ছিল বলে জানায় মহাকাশ স্টেশন। গোটা সফরে ড্রাগনে কোনও গোলমাল দেখা দেয়নি। থ্রাস্টারও ঠিকঠাক কাজ করেছে বলে জানা যায়। নাসার নির্ধারিত সময় মতো আইএসএসের হারমনি পোর্টে ড্রাগনের ডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়। ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *