ভোট কাটাকাটির অভিযোগে সরব অভয়ার পরিবার, জবাবে কী বললেন শতরূপ?

আমুদরিয়া নিউজ : বিধানসভা ভোটের আগে পানিহাটি কেন্দ্রকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় নিহত চিকিৎসকের মা প্রার্থী হতে পারেন বলে জোর জল্পনা চলছে। এরই মাঝে বৃহস্পতিবার সিপিএমের বিরুদ্ধে ‘ভোট কাটাকাটি’র অভিযোগ তুলে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, বামপন্থীদের এই ভূমিকার কারণেই তৃণমূল বারবার ক্ষমতায় ফিরছে।

নির্যাতিতার বাবার অভিযোগ, “তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য বামপন্থীদের বিরাট ভূমিকা আছে। ভোট কাটাকাটির অঙ্ক। আমাদের এখানে যিনি লোকসভায় জিতেছেন, বামেরা ভোট কেটেছিল বলেই জিতেছেন।”

আরও বিস্ফোরক অভিযোগ করেছেন নির্যাতিতার মা। তিনি সরাসরি সিপিএমকে নিশানায় নিয়ে বলেন, “সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে নিজেদের পায়ের নীচের জমি শক্ত করছে, ভোট কাটাকাটি করে তৃণমূলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আন্দোলনে আসা দরকার। আমি নিজেই ফোন করে কাল জানিয়েছি যে প্রার্থী হতে চাই।”

শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি থাকলেও, তাঁদের রাজনৈতিক মন্তব্যের উত্তর দিতে ছাড়েননি সিপিএম নেতা শতরূপ ঘোষ। তিনি নির্যাতিতার মায়ের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন করেছেন, “উনি যদি বলেন, অভয়ার মৃত্যু এবং তাঁর খুন-ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলনটা রাজনৈতিক ছিল, তাহলে এখন ওঁর বিজেপিতে জয়েন করে বিজেপিতে প্রার্থী হওয়াটা কি ধর্ম-কর্ম করার জন্য?” ব্যক্তিগত রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য আন্দোলনে যুক্ত সাধারণ মানুষের আবেগকে আঘাত না করার আবেদনও জানান তিনি।

সব মিলিয়ে, প্রার্থী তালিকা ঘোষণার আগেই পানিহাটি কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *