মাথা ফাটল প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের, গুরুতর জখম

আমুদরিয়া নিউজ : শনিবার সন্ধেয় শিলিগুড়ির সুভাষপল্লির বাড়িতে ঘরের মধ্যে পড়ে গিয়ে মাথা ফেটে গেল প্রাক্তন পুরমন্ত্রী ও শিলিগুড়ির ভূতপূর্ব মেয়র অশোক ভট্টাচার্যের।  সন্ধে সাড়ে ৬টা নাগাদ ঘটনাটি ঘটেছে।  আওয়াজ শুনে তাঁর বাড়ির লোকজন ছুটে যান। গিয়ে দেখেন, তিনি মেঝেয় রক্তাক্ত অবস্থায় পড়ে আর্তনাদ করছেন। সঙ্গে সঙ্গে তাঁকে শিলিগুড়ি কলেজের লাগোয়া বাসুস নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশিষ্ট সার্জন শৈলজা গুপ্ত অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তাঁর মাথায় একাধিক সেলাই করেন। এর পরে তাঁকে এম আর আই করানো সহ আরও কয়েকটি পরীক্ষার জন্য উত্তরায়ণের নেওটিয়া গেটওয়েল হাসপাতালে পাঠানো হয়েছে।

কয়েক বছর আগে তাঁর স্ত্রী প্রয়াত হয়েছেন। সত্তরোর্ধ্ব অশোকবাবু এখন বাড়িতে একাই থাকেন। তবে একই চৌহদ্দিতে তাঁর ভাইদের পরিবারও রয়েছেন।  অশোকবাবু এখন নিয়মিত বই লেখার কাজেই ডুবে থাকেন। কদিন আগে নাগাল্যান্ড ঘুরে এসেছেন। তিনি বড়োল্যান্ড, ষষ্ঠ তফশিল, দার্জিলিং সমস্যা নিয়ে একটি বই প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। চণ্ডাল বুকস থেকে বইটি প্রকাশের বিষয়টি চূড়ান্ত। সেই কাজই তিনি করছিলেন। কীভাবে পড়ে গেলেন, কোথায় চোট লাগল সেটাই এখনও স্পষ্ট নয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *