উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে আসন রফার প্রথম মিটিং ইতিবাচক, বলল সপা-কংগ্রেস

আমুদরিয়া নিউজ : ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা ভোট। সে কথা মাথায় রেখে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি সোমবার দিল্লিতে প্রথম আলোচনা হয়েছে। কংগ্রেসর দাবি, দুই দলের চার সদস্যের প্রতিনিধি দলের মধ্যে প্রথম দফার বৈঠকটি সংক্ষিপ্ত হলেও ছিল ইতিবাচক। ৪০৩টি বিধানসভা কেন্দ্রে আসন ভাগাভাগির রূপরেখা ও মূল বিষয়গুলো ঠিক করার ওপর আলোকপাত করা হয়েছে। উভয় পক্ষের নেতারা একটি কার্যকর ফর্মুলা তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। সেই ফর্মুলায় কোন দলের প্রার্থীর কোথায় জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা সেটাই গুরুত্ব দেওয়া হবে বলে দুই দল জানিয়েছে। সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ ও দলের জাতীয় সাধারণ সম্পাদক রাম গোপাল যাদব, যিনি এসপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, বৈঠকের পর বলেন, “খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা একে অপরের মতামত শুনেছি। আমরা শীঘ্রই এই জোট চূড়ান্ত করে আপনাদের জানাব। আগামী দুই-তিন দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ফের বৈঠক হবে আগামীকাল।”
উত্তরপ্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতমও ইতিবাচক সুরেই বলেন, “উভয় দলই একমত হয়েছে। আমাদের এক দলের অন্যদলের ওপরে আস্থা রয়েছে এবং আমরা যৌথভাবেই সবকিছু পরিচালনা করব। বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমেই একটি সমঝোতায় পৌঁছানো যাবে। খুব শীঘ্রই এটি সম্পন্ন হবে।”
আসন রফার বৈঠকে আলোচনাকারী সমাজবাদী পার্টির প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন রাম গোপাল যাদব। দলের অন্য সদস্যরা হলেন—উত্তরপ্রদেশ রাজ্য সভাপতি শ্যাম লাল পাল, ঘোষি লোকসভা কেন্দ্রের সাংসদ রাজীব রাই এবং কৈরানা লোকসভা কেন্দ্রের সাংসদ ইকরা চৌধুরী (ইকরা হাসান)।
কংগ্রেসের প্রতিনিধি দলে রয়েছেন—উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতম, রাজ্য সভাপতি আরাধনা মিশ্র (মোনা), রাজ্য কার্যকরী সভাপতি ইমরান মাসুদ এবং এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *