আমুদরিয়া নিউজ: কলকাতায় চালু হল সুরক্ষা ডায়াগনস্টিকের উদ্যোগে ‘সুরক্ষা ইনস্টিটিউট অফ জেনোমিক্স’ (SIG)। এর ফলে জটিল জিনগত রোগ ও ক্যানসার নির্ণয়ের উন্নত পরীক্ষার জন্য আর মুম্বই, দিল্লি বা বেঙ্গালুরুর মতো শহরে নমুনা পাঠাতে হবে না। কলকাতাতেই মিলবে আন্তর্জাতিক মানের জিনোমিক পরীক্ষার সুবিধা।
এই ল্যাবে একাধিক ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসার উপযুক্ত পদ্ধতি বেছে নিতে জিনোমিক প্রোফাইলিং, BRCA পরীক্ষা এবং ৫০-জিন সলিড টিউমার প্যানেল করা যাবে। সংস্থার দাবি, এই প্যানেলের রিপোর্ট পাওয়া সম্ভব মাত্র তিন দিনে।
এছাড়া গর্ভাবস্থার ১০ সপ্তাহ থেকে NIPT পরীক্ষার মাধ্যমে শিশুর কিছু জিনগত সমস্যা শনাক্ত করা যাবে। বারবার গর্ভপাতের কারণ অনুসন্ধান এবং শিশুদের অটিজম, বিকাশগত সমস্যা, জন্মগত ত্রুটি ও SMA-র মতো বংশগত রোগ নির্ণয়েও মিলবে উন্নত পরীক্ষার সুবিধা।