দমদম বিমানবন্দর লাগোয়া এলাকায় বহুতল তৈরিতে লাগবে কর্তৃপক্ষের অনুমতি

আমুদরিয়া নিউজ: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। সতর্কতা হিসেবে এবার একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হল। বিমানবন্দরের ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনও বহুতল নির্মাণের ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের ছাড়পত্র লাগবে। বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমতি দেওয়ার পরই পুরসভার অনুমোদন মিলবে বলে জানানো হয়েছে। এর আগে এই সীমারেখা ১০ কিমির মধ্যে ছিল। এবার সেই পরিধি বেড়ে হয়েছে দ্বিগুণ। ফলে নতুনভাবে এই নিয়মের আওতায় আসছে মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, উত্তর দমদম এবং বিধাননগরের একাধিক এলাকা। গত ১২ জুন টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুনে ভস্মীভূত হয়ে যায় সেটি। ভেঙে পড়ে স্থানীয় একটি মেডিক্যাল কলেজের হস্টেলে।

ওই বিমানে ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন। প্রাণে বেঁচেছেন মাত্র একজন। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে  সতর্ক হল দমদম বিমানবন্দর কর্তৃপক্ষ। রানওয়ের দু’পাশে বাড়ির উচ্চতা নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। বিমানবন্দরের ফানেল জোন ঘিরে আগে থেকেই কিছু বিধিনিষেধ ছিল। যেমন, মধ্যমগ্রামের ২৬, ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডে দু’তলার বেশি ভবন নির্মাণে নিষেধাজ্ঞা ছিল। এবার সেইসব নিয়ম আরও কঠোরভাবে কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে। নিউ ব্যারাকপুরের ফতেশা খালের পাশেও বহুতল নির্মাণে লাগবে বিশেষ অনুমতি। যে কেউ বাড়ি বানাতে চাইলে, তাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। ছাড়পত্র মিললে তবেই পুরসভা প্ল্যান পাস করবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *