আমুদরিয়া নিউজ: পাহাড়ের পথে ধোঁয়া ছড়িয়ে ছুটে চলা ঐতিহ্যের সেই ছোট্ট রেলগাড়ি এবার আরও একবার বিশ্ব পর্যটনের নজরে। Lonely Planet-এর ‘Best in Travel 2027’ তালিকায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন জায়গা পাওয়ার পর তাকে ঘিরে পর্যটন সম্ভাবনা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।
১৮৮১ সালে চালু হওয়া দার্জিলিং হিমালয়ান রেলওয়ে শুধু একটি রেলপথ নয়, পাহাড়ের ইতিহাস, প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে মিশে থাকা এক জীবন্ত ঐতিহ্য। UNESCO-র বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এই রেলপথের টয় ট্রেনের যাত্রাকে Lonely Planet ২০২৭ সালের উল্লেখযোগ্য পর্যটন অভিজ্ঞতাগুলির মধ্যে তুলে ধরেছে।
আন্তর্জাতিক এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে হেরিটেজ জয় রাইড, স্টিম লোকোমোটিভে যাত্রা এবং ঐতিহাসিক স্টেশনগুলিকে ঘিরে বিশেষ পর্যটন কর্মসূচি আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। ঘুম উইন্টার ফেস্টিভ্যাল, স্টেশন মহোৎসব ও সামার ফেস্টিভ্যালের মতো অনুষ্ঠানগুলির মাধ্যমেও পর্যটকদের পাহাড়ি রেলপথের ইতিহাস ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর উদ্যোগ চলছে।
রেল কর্তৃপক্ষের লক্ষ্য, টয় ট্রেনকে শুধু যাতায়াতের মাধ্যম হিসেবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ পর্যটন অভিজ্ঞতা হিসেবে তুলে ধরা। একই সঙ্গে স্থানীয় মানুষের অংশগ্রহণ, পরিবেশ সচেতনতা এবং টেকসই পর্যটনের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পাহাড়ি পথে ছুটে চলা এই ঐতিহাসিক রেলগাড়ির আন্তর্জাতিক পরিচিতি তাই উত্তরবঙ্গের পর্যটন শিল্পের কাছেও নতুন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। বিশ্বমঞ্চে টয় ট্রেনের এই স্বীকৃতি আগামী দিনে দার্জিলিংয়ের পর্যটন আকর্ষণকে আরও বিস্তৃত করে কি না, এখন সেদিকেই নজর।