আমুদরিয়া নিউজ: চীনের কঠোর জাতীয় নিরাপত্তা আইনের কারণে হংকংয়ের স্বাধীন বইয়ের দোকানগুলো তীব্র অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। হংকংয়ের ‘হান্টার বুকস্টোর’, ‘বুক পাঞ্চ’ এবং ‘গ্রিনফিল্ড বুকস্টোর’-এর মতো জনপ্রিয় স্বাধীন বইয়ের দোকানগুলোতে পুলিশ সম্প্রতি আকস্মিক অভিযান চালিয়েছে। রাষ্ট্রদ্রোহ এবং অর্থ পাচারের অভিযোগে এসব দোকানের মালিক ও কর্মীদের গ্রেফতার করা হয়েছে, যদিও বর্তমানে তাঁরা জামিনে মুক্ত আছেন।
২০১৯ সালের গণতন্ত্রকামী আন্দোলনের পর হংকংয়ে এই ধরনের স্বাধীন বইয়ের দোকানগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে মূল ভূখণ্ডের বহু চীনা পাঠক নিষিদ্ধ ইতিহাসের বই ও রাজনৈতিক বিকল্প চিন্তার খোঁজে এখানে আসতেন। তবে বেজিংয়ের কড়া নজরদারি ও ধারাবাহিক পুলিশি অভিযানের ফলে হংকংয়ের অবশিষ্ট বাকস্বাধীনতা এবং মুক্তচিন্তার এই শেষ আশ্রয়স্থলগুলো এখন সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।